‘গাছ লাগাই, যত্ন করি, সুন্দর এক পৃথিবী গড়ি, মাদক ছেড়ে মাঠ ধরি, সুস্থ সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন **চাকরিজীবী কল্যাণ সংস্থার** উদ্যোগে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সেখানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রশীদের সভাপতিত্বে বৃক্ষরোপণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা শহর সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী, সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, চাকরিজীবী কল্যাণ সংস্থার সভাপতি আবদুল হাদী সরকার, নির্বাহী সদস্য ও সাংবাদিক মাসুদ মুকুল, খন্দকার তৌফিকুল ইসলাম, এনতাজ আলী, আবদুল কুদ্দুস, নূরন্নবী চৌধুরী, মাকসুদার রহমান ও কান্তি ভূষণ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব মো. শফিউল ইসলাম।

পরে গাইবান্ধা সরকারি শিশু পরিবার (বালিকা) দল ও ফুটবল একাডেমির নারী দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সংগঠনের সদস্য, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

উল্লেখ্য, চাকরিজীবী কল্যাণ সংস্থা গাইবান্ধার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন দুর্যোগ ও সংকটকালীন সময়ে জেলার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা ও সহযোগিতা করে আসছে।