ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় দুই ইঞ্জিনবিশিষ্ট একটি কাঠের নৌকা, দা, চাপাতি, লোহার পাইপ, ছোরা ও চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বদনার চর ও জংলার খালের মধ্যবর্তী মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মনপুরা থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর ওই এলাকায় অভিযান পরিচালনা করে মনপুরা থানা পুলিশের একটি দল। এসআই শুভ্র দেব কুন্ডুর নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বরিশালের পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহাদী এলাকার জাহিদুল ইসলাম (৩৪), শাহিন সিকদার (২৭), সায়েম গাজী (২৪), পূর্ব লক্ষ্মীপুর এলাকার মো. আনিস মুসল্লী (৩৪), কাটখালী-চরহাদী এলাকার নাঈম হোসেন (২৪) এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরগাছিয়া এলাকার রিয়াজ ফকির (৩১)।
পুলিশের দাবি, অভিযানের সময় তাদের কাছ থেকে ৩৯ ফুট দীর্ঘ দুই ইঞ্জিনবিশিষ্ট একটি কাঠের নৌকা, তিনটি দা, দুটি লোহার পাইপ, দুটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়। এছাড়া একটি প্লাস্টিকের খালি মদের বোতল, প্লাস্টিকের বস্তায় থাকা কংক্রিটের ছোট ছোট ব্লক ও ভাঙা চাকতি এবং চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জব্দ করা নৌকাটির আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
আটক ব্যক্তিরা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন কি না, কিংবা জব্দ করা সরঞ্জামগুলো কোনো অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির (Penal Code) সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে মনপুরা থানা সূত্রে জানা গেছে।