চাঁদপুর শহরের পুরান বাজারের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’-এর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাদ্রাসার এক শিক্ষকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান। প্রধান অতিথি ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান। অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবক, মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে তানিয়া ইশতিয়াক খান বলেন, ২০২০ সাল থেকে ‘বিজয়ী’ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা বিস্তার ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে আসছে। বিনামূল্যে বিভিন্ন হাতেকলমে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ ও স্বাবলম্বী করে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প আয়োজন করে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষা সামগ্রী বিতরণের মতো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও সামাজিক কল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরে আলোচনা সভা শেষে অতিথিরা মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবকেরা বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের পাশাপাশি এ ধরনের আয়োজন তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।