ব্রাহ্মণবাড়িয়ায় বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞান চর্চার প্রসার, নৈতিক মূল্যবোধ বিকাশ ও সৃজনশীল চিন্তার চর্চাকে উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলাব্যাপী বইপড়া কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার জেলা পর্যায়ে ১৩৫ জন শিক্ষার্থীর মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে বিষয়টি জানান জেলা প্রশাসক মো. আবুসাঈদ। আগামীকাল বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে বইপড়া কর্মসূচির চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ।
তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরেও জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করা এবং একটি জ্ঞানভিত্তিক, মননশীল ও আলোকিত প্রজন্ম গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। জেলার নয় উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
জেলার চার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক পর্যায়ে ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে। পরবর্তী ধাপে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা ও বাছাই শেষে বর্তমানে জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য ১৩৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
গত ৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত “বইপড়া কর্মসূচির” উদ্বোধন করা হয়। আগামীকাল বুধবার চূড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ বলেন, শিক্ষার্থীদের পঠিত বিষয়ের জ্ঞান, অনুধাবন, বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীল চিন্তার সক্ষমতা মূল্যায়ন করা হবে। জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিটি বিভাগ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের বই, ক্রেস্ট ও অন্যান্য স্বীকৃতি প্রদান করা হবে।
এছাড়া জেলা পর্যায়ে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র দেয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার স্থায়ী অভ্যাস গড়ে উঠবে। তিনি বলেন, প্রতিযোগিতায় বাংলা সাহিত্য, মুক্তিযুদ্ধ, ইতিহাস, বিজ্ঞান, জীবনী, শিশু-কিশোর সাহিত্য ও নৈতিক শিক্ষাবিষয়ক নির্বাচিত বইকে গুরুত্ব দেয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, আয়োজনের চুড়ান্ত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আগামী ৩১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ আবু তালেব, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা, আইসিটি শাখা) মোঃ শরীফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম ও জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাতসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
