‘অংশগ্রহণই মূল কথা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস (এমসিপিএইচএস) ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের যৌথ উদ্যোগে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের উপদেষ্টা অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ।

তিনি বলেন, “ব্যক্তি, পরিবার ও সমাজ—সব ক্ষেত্রে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করাই অকুপেশনাল থেরাপির মূল লক্ষ্য। এ বছরের প্রতিপাদ্য ‘Participation Matters’ আমাদের মনে করিয়ে দেয়, শারীরিক বা মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি প্রতিটি মানুষের সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের অধিকার রয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তার। তিনি চিকিৎসাবিজ্ঞানে অকুপেশনাল থেরাপির গুরুত্ব তুলে ধরে বলেন, “রোগীদের কেবল সুস্থ করাই আমাদের উদ্দেশ্য নয়; বরং তাঁদের কর্মক্ষম ও স্বাবলম্বী করে জীবনের মূলধারায় অংশগ্রহণের উপযোগী করে তোলাই অকুপেশনাল থেরাপির মূল সার্থকতা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক ডা. এম এ কুদ্দুস জাহিদ, বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের সহকারী পরিচালক ইমরান আহমেদ এবং প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড এইচআর দিদার হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন ডা. সাদিয়া তাসনিম দিয়া, লেকচারার ও অকুপেশনাল থেরাপি বিভাগের ইনচার্জ এবং সিনিয়র লেকচারার ডা. সুজন আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অকুপেশনাল থেরাপি শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা কিংবা অসুস্থতার কারণে দৈনন্দিন কাজকর্মে সমস্যার সম্মুখীন ব্যক্তিদের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে মানুষকে আরও স্বাবলম্বী করা এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করা সম্ভব। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য অন্তর্ভুক্তি মূলক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।