বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে সংগঠনটির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচি উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর শহীদ মিনার চত্বরে সমবেত হন। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম লিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার রক্ষা এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁদের সত্যের পক্ষে অবস্থান নেওয়া এবং মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার করতে হবে।

তাঁরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সব ধরনের ভেদাভেদ ভুলে তরুণদের সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুলে গিয়ে শেষ হয়।