বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সৌহার্দ্যের অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা উপহার হিসেবে ৬২০টি ‘কিউ’ (Queen) জাতের আনারস পাঠিয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই উপহার বাংলাদেশে পৌঁছায়।
ত্রিপুরা সরকারের পক্ষ থেকে একটি পিকআপ ভ্যানে করে ১০০টি কার্টনে মোট ৬২০টি আনারস পাঠানো হয়। সরকারি নথি অনুযায়ী, চালানটির মোট ওজন ছিল ৭৪৮ কেজি।
আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় আয়োজিত সংক্ষিপ্ত হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন। পরে ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে এগুলো ঢাকায় পাঠানো হয়।

অনুষ্ঠানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, কৃষি বিভাগের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রতীক হিসেবে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই আনারস উপহার পাঠানো হয়েছে।
ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের আম উপহার দেওয়া হয়েছিল। তারই সৌজন্য হিসেবে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়েছে।”