ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী শীতলপাটিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ শিল্পের সম্ভাবনা, বাজার সম্প্রসারণ ও ঐতিহ্য সংরক্ষণে করণীয় নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।

কর্মশালায় বক্তারা বলেন, নলছিটির শীতলপাটি এ অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পকে টিকিয়ে রাখতে কারিগরদের যথাযথ মূল্যায়ন, আধুনিক প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ জরুরি। পাশাপাশি শীতলপাটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কর্মশালায় শীতলপাটি তৈরির বিভিন্ন ধাপ ও পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন এ শিল্পের সঙ্গে জড়িত কারিগররা। এতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী এ শিল্পের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা পান।

উপজেলা নির্বাহী অফিসার প্রতীক কুমার কুন্ডু জানান, শীতলপাটির ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরা, জিআই স্বীকৃতি অর্জনের উদ্যোগ গ্রহণ এবং উৎপাদন ও বিপণন সম্প্রসারণের পথ খুঁজে বের করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শীতলপাটি শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

কর্মশালায় বক্তব্য দেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারহানা তাবাসসুমসহ অন্যর। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।