আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমির মালিকানা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক ভগবান বীরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী ও ‘জনজাতীয় গৌরব দিবস’ উদযাপন করা হয়েছে রাজশাহীতে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর সংগ্রামী জীবন, ব্রিটিশবিরোধী আন্দোলন এবং আদিবাসী সমাজে সামাজিক সংস্কারে অবদানের কথা তুলে ধরেন বক্তারা।

গত সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর ভদ্রা পদ্মা রেসিডেন্সিয়াল এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঈশাদ আলী ঈশা এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিএসবি) মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৭৫ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহণকারী বীরসা মুন্ডা ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীকে সংগঠিত করেছিলেন। ভূমির অধিকার, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তাঁর নেতৃত্বে গড়ে ওঠে ঐতিহাসিক ‘উলগুলান’ বা মহাবিদ্রোহ। মাত্র ২৫ বছরের জীবনে তিনি আদিবাসী সমাজে ঐক্য, সামাজিক সংস্কার ও আত্মমর্যাদার যে দৃষ্টান্ত স্থাপন করেন, তা আজও স্মরণীয়।

সভাপতির বক্তব্যে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, “ভগবান বীরসা মুন্ডা কেবল আদিবাসী সমাজের নন, বরং সমগ্র উপমহাদেশের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের এক চিরন্তন প্রতীক। তাঁর ‘উলগুলান’ আন্দোলন ও সামাজিক সংস্কারের আদর্শ আজও আমাদের ন্যায়বিচার ও সমতার পথে চলতে অনুপ্রাণিত করে।”

অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঈশাদ আলী ঈশা বলেন, বীরসা মুন্ডা তাঁর স্বল্পায়ু জীবনে ভূমির অধিকার ও মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠায় যে সংগ্রাম করেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে তাঁর জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ প্রেরণা।

আলোচনা সভা শেষে অতিথিদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও প্রীতি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।