ঝালকাঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রূপান্তর বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) ফাতেমা-তুল-জান্নাত।

সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। প্রধান আলোচক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুর রহমান। সেমিনারটি সমন্বয় করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার (ভারপ্রাপ্ত) ফিরোজ আহমেদ জেহাদী।

‘কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রূপান্তর: বর্তমান প্রযুক্তি বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে করণীয়’ শীর্ষক সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও সম্ভাবনা, সাইবার নিরাপত্তার বিভিন্ন ঝুঁকি, প্রযুক্তির অপব্যবহার রোধ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো আলাউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম মজুমদার, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) খালেদ রাশেদুল হাসান খান, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদা এবং বিভিন্ন দপ্তরের প্রশিক্ষনার্থী প্রোগ্রামারসহ আরও অনেকে।