শীতের আগমনে অসহায় ও হতদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে ঝালকাঠিতে জেলা প্রশাসনের কাছে ৪৩০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। নিজস্ব অর্থায়নে কেনা এসব কম্বল জেলার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে।

বুধবার (১১ নভেম্বর) সকালে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের হাতে কম্বলগুলো তুলে দেন আশা-বরিশাল বিভাগের সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জালাল উদ্দিন। জেলা প্রশাসনের মাধ্যমে জেলার অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হবে।

কম্বল হস্তান্তরকালে মো. জালাল উদ্দিন বলেন, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের সহায়তায় সরকারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আশার উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে শীতের কষ্ট থেকে অসহায় মানুষকে রক্ষায় আশার মতো অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, আশা-ঝালকাঠি জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. জাকির হোসেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার আশিষ কুমার মন্ডল, সাপোর্ট ইঞ্জিনিয়ার এ.টি.এম. আব্দুল্লাহ, ব্রাঞ্চ ম্যানেজার মো. লুৎফর রহমান ও কলি আক্তারসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।