সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬-এর আলোকে চুয়াডাঙ্গা জেলার নতুন নিয়োগপ্রাপ্ত ৪৫ জন সমন্বিত সার ডিলারের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
অনুষ্ঠানে জেলার নতুন নিয়োগপ্রাপ্ত ৪৫ জন সার ডিলার উপস্থিত ছিলেন। এ সময় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬-এর আলোকে সংশ্লিষ্ট ডিলারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিকুজ্জামান, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তারা।
নতুন নীতিমালার আওতায় সমন্বিত সার ডিলার নিয়োগ ও চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে জেলায় সার বিতরণ ব্যবস্থাপনায় নতুন কাঠামোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এর মাধ্যমে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামে সারের সরবরাহ নিশ্চিত করা, সার বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখা এবং কৃষি মৌসুমে সারসংক্রান্ত ভোগান্তি কমানোর প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে নতুন ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নীতিমালা অনুসরণ করে সার মজুত, বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলায় নতুন সমন্বিত সার ডিলার ব্যবস্থাপনা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।