রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের রায় মঙ্গলবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন হাইকোর্ট। সোমবার (১৬ নভেম্বর) উভয়পক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আলোচিত এ মামলার শুনানি শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির সর্বোচ্চ শাস্তি বহাল রাখার আবেদন জানান।
এর আগে গত ৭ জুন আলোচিত এ মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল, তার স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।
তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সোহেল রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে গলা কেটে হত্যা করে অপরাধের প্রমাণ মুছে ফেলতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন।
গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে, তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।
অভিযোগপত্র দাখিলের কয়েক ঘণ্টার মধ্যেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তী সময়ে মাত্র ১৯ দিনের মধ্যে মামলাটির বিচার কার্যক্রম শেষ হয়। এবার মৃত্যুদণ্ডের রায় অনুমোদন ও আসামিদের আপিলের বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার।