জীবনের দীর্ঘ পথ পেরিয়ে বার্ধক্যের শেষ প্রান্তে এসে অবশেষে মিলল নিরাপদ আশ্রয়। দীর্ঘদিন ভাঙা হাঁড়ি-পাতিল মেরামত করে জীবিকা নির্বাহ করা চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামের শতবর্ষী আব্দুল বারীর মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে প্রশাসন। সরকারি সহায়তায় নির্মাণ করা হয়েছে তাঁর জন্য একটি পাকা বাড়ি। ঘর, রান্নাঘর ও বাথরুমের পাশাপাশি সংসার পরিচালনার জন্য দেওয়া হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী আব্দুল বারীর বয়স ৯৯ বছর। তবে তাঁর নিজের দাবি, বয়স পেরিয়েছে ১১৫ বছর। গ্রামের তেলেমপাড়ায় বসবাসকারী এই বৃদ্ধ দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। জীবিকার তাগিদে মানুষের ভাঙা হাঁড়ি-পাতিল মেরামত করে যা আয় হতো, তা দিয়েই কোনোমতে চলত সংসার। বয়সের ভারে ন্যুব্জ শরীর নিয়ে জীবনসংগ্রাম চালিয়ে গেলেও ছিল না নিরাপদ বসবাসের উপযোগী স্থায়ী আবাসন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তাঁর অসহায়ত্ব ও দুর্দশার চিত্র প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের। তাঁর পারিবারিক ও আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে সহায়তার উদ্যোগ নেয় জেলা ও উপজেলা প্রশাসন। শুরুতে তাঁর পরিবারের কাছে শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি নিরাপদ আবাসন ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় নির্মাণ করা হয় পাকা বাড়ি। এতে রয়েছে একটি শোবার ঘর, একটি রান্নাঘর ও একটি বাথরুম। বসবাসের সুবিধা বিবেচনায় বাড়ির পাশাপাশি সরবরাহ করা হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য গৃহস্থালি সামগ্রী।

সোমবার (১৬ নভেম্বর) সকালে নবনির্মিত বাড়ির উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসিফ হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ইউএনও কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল আলম এবং মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশাদুল হক। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরাও উপস্থিত ছিলেন।

বাড়ি হস্তান্তরকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পরিবারটির অসহায়ত্বের বিষয়টি জানার পর শতবর্ষী এই প্রবীণের জীবনের বাকি সময়টুকু যেন কিছুটা স্বস্তি ও নিরাপত্তার মধ্যে কাটে, সে চিন্তা থেকেই সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় সমাজের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন এবং নিরাপদ আবাসন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে আবাসনসংকট নিরসন, জীবনযাত্রার মানোন্নয়ন ও সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক নিরাপত্তা জোরদারে কাজ করা হচ্ছে।

দীর্ঘদিনের অভাব-অনটন আর অনিশ্চয়তার পর নতুন বাড়ি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন আব্দুল বারী। তাঁর কাছে এই বাড়ি শুধু ইট-সিমেন্টের স্থাপনা নয়, জীবনের বাকি দিনগুলো নিরাপদে কাটানোর এক নতুন অবলম্বন। স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সমাজের অন্যান্য অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশেও এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।