মাসের পর মাস পরিশ্রম, জমিতে বিনিয়োগ আর ভালো ফলনের প্রত্যাশা—সবকিছুই যেন ম্লান হয়ে যাচ্ছে বাজারে মরিচের দাম শুনে। জামালপুরে এবার মরিচের বাম্পার ফলন হলেও কৃষকের ভাগ্যে জুটছে না উৎপাদন খরচের টাকাও। প্রতি মণ মরিচ বিক্রি করতে হচ্ছে মাত্র ৬০০ থেকে ৭০০ টাকায়। অথচ এক বিঘা জমিতে মরিচ উৎপাদন ও ঘরে তোলা পর্যন্ত খরচ হচ্ছে প্রায় ৬৩ হাজার ৫৫০ টাকা। ফলে ফলন ভালো হওয়ার পরও লোকসানের হিসাব কষছেন জেলার হাজারো মরিচচাষি।

মাদারগঞ্জ উপজেলার চর নাংলা গ্রামের কৃষক মো. আব্দুল্লাহ শেখ দুই বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। ভালো ফলনের আশায় ধারদেনা ও নিজের সঞ্চিত অর্থ মিলিয়ে ইতোমধ্যে বিনিয়োগ করেছেন প্রায় ৯০ হাজার টাকা। মরিচ তোলা, পরিচর্যা ও শ্রমিকের মজুরি বাবদ সামনে আরও প্রায় ৪০ হাজার টাকা খরচ হতে পারে। সব মিলিয়ে তাঁর বিনিয়োগ দাঁড়াবে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। কিন্তু প্রত্যাশিত ফলন পেলেও বাজারে দাম না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

আব্দুল্লাহ শেখ বলেন, ‘অনেক আশা নিয়ে এবার মরিচের আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছে। কিন্তু বাজারের দাম দেখে খুবই হতাশ হচ্ছি। এভাবে দাম থাকলে আমাদের কৃষকদের মরণ হবে। এমনিতেই সার-বীজ বাইরে থেকে বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। এখন বাজারে প্রতি মণ মরিচ ৬০০ থেকে ৭০০ টাকা। এই দামে বিক্রি করলে আমাদের খরচও উঠবে না।’

একই পরিস্থিতি মেলান্দহ উপজেলার ভাবকি পাগলবাড়ি এলাকার তরুণ কৃষক সানাউল্লাহর। সরকারি আশেক মাহমুদ কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী সানাউল্লাহ পড়াশোনার পাশাপাশি এক বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। ফলন ভালো হলেও প্রথম দফায় মরিচ তুলে বাজারে নিয়ে প্রত্যাশিত দাম পাননি তিনি। সার, বীজসহ কৃষি উপকরণের বাড়তি দাম তাঁর উৎপাদন খরচ আরও বাড়িয়ে দিয়েছে।

সানাউল্লাহ বলেন, ‘এবার ঠিকমতো সার-বীজ কিছুই সরকারি দামে পাইনি। প্রায় সবকিছুই বাইরে থেকে বেশি দামে কিনতে হয়েছে। তাই আমার খরচ একটু বেশি পড়েছে। ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু দাম একেবারেই কম। প্রথম দফায় মরিচ তুলছি, কম দামেই বিক্রি করতে হচ্ছে। আশা করছি, পরবর্তী সময়ে ভালো দাম পাব। আমাদের উৎপাদিত মরিচ বিদেশে রপ্তানি করা গেলে কৃষকেরা ভালো দাম পাওয়ার আশা রাখতে পারেন।’

শুধু আব্দুল্লাহ বা সানাউল্লাহ নন, জেলার বিভিন্ন এলাকার মরিচচাষিদের এখন একই অভিজ্ঞতা। কৃষকের কাছ থেকে প্রতি কেজি মরিচ কেনা হচ্ছে ১৭ থেকে ২০ টাকায়। অথচ খুচরা বাজারে সেই মরিচ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে। উৎপাদন পর্যায় ও খুচরা বাজারের দামের এই বড় ব্যবধান নিয়েও প্রশ্ন তুলছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ বাড়তি খরচ বহন করলেও উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না তাঁরা।

আবাদ বেড়েছে, ফলনও ভালো; তবু লাভের মুখ দেখছেন না কৃষক

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জামালপুর জেলায় ৬ হাজার ৫৩৫ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার আবাদ হয়েছে ৬ হাজার ৯২০ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ৩৮৫ হেক্টর বেশি জমিতে মরিচ চাষ হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে ভালো। কিন্তু উৎপাদন বাড়লেও বাজারে দাম কমে যাওয়ায় সেই সাফল্যের সুফল পাচ্ছেন না কৃষকেরা।

এক বিঘা মরিচ চাষে খরচ ৬৩ হাজার ৫৫০ টাকা

কৃষকদের দেওয়া হিসাব অনুযায়ী, এক বিঘা জমিতে মরিচ চাষ থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত খরচ হচ্ছে প্রায় ৬৩ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে জমি প্রস্তুত করতে পাঁচবার হালচাষে ব্যয় হয় ২ হাজার ৫০০ টাকা। বীজ কিনতে লাগে প্রায় ৬ হাজার টাকা। চার বস্তা ইউরিয়া সারে ৫ হাজার ৪০০ টাকা এবং চার বস্তা ডিএপি সারে খরচ হয় ৪ হাজার ২০০ টাকা। এ ছাড়া গ্লুজিং, ম্যাগজেপ, জিপসাম ও পটাশসহ অন্যান্য সার এবং কৃষি উপকরণেও ব্যয় করতে হয় উল্লেখযোগ্য অর্থ।

তবে উৎপাদন খরচের সবচেয়ে বড় অংশ যাচ্ছে শ্রমিকের মজুরিতে। চারা রোপণ, জমির পরিচর্যা ও মরিচ সংগ্রহ পর্যন্ত এক বিঘা জমিতে প্রায় ৭০ জন শ্রমিকের প্রয়োজন হয়। প্রতিজনের মজুরি ৬০০ টাকা হিসাবে শুধু শ্রমিক খরচই দাঁড়ায় ৪২ হাজার টাকা। সব মিলিয়ে এক বিঘা জমিতে মরিচ উৎপাদন ও ঘরে তোলা পর্যন্ত ব্যয় হচ্ছে প্রায় ৬৩ হাজার ৫৫০ টাকা। এর বাইরে সার-বীজ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হলে খরচ আরও বাড়ছে।

কৃষকদের হিসাব অনুযায়ী, এক বিঘা জমিতে ভালো ফলন হলে তিন থেকে চার দফায় ৭০ থেকে ৮০ মণ মরিচ পাওয়া যায়। কিন্তু বর্তমান বাজারদরে ৮০ মণ মরিচ ৭০০ টাকা দরে বিক্রি করলেও মোট আয় হবে ৫৬ হাজার টাকা। বিপরীতে উৎপাদন খরচ ৬৩ হাজার ৫৫০ টাকা। অর্থাৎ সর্বোচ্চ ফলন ও বর্তমান সর্বোচ্চ দাম ধরেও এক বিঘায় অন্তত ৭ হাজার ৫৫০ টাকা লোকসানের আশঙ্কা রয়েছে। অন্যান্য আনুষঙ্গিক খরচ যুক্ত হলে লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে।

ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার তদারকি ও রপ্তানির দাবি

কৃষকদের অভিযোগ, উৎপাদনের সময় সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়লেও উৎপাদিত ফসলের দাম নির্ধারণে তাঁদের কোনো নিয়ন্ত্রণ নেই। মাঠপর্যায়ে কম দামে মরিচ বিক্রি করতে বাধ্য হলেও খুচরা বাজারে ভোক্তাদের কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে। ফলে কৃষক তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না, অন্যদিকে ভোক্তাদেরও বেশি দাম দিতে হচ্ছে। এই ব্যবধানের কারণ অনুসন্ধান ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।

এ পরিস্থিতিতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার, মরিচ সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা এবং বিদেশে রপ্তানির সুযোগ তৈরির দাবি উঠেছে।

জেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন, ‘আমাদের দেশ কৃষিপ্রধান। কৃষকদের সুখ-দুঃখ ও সমস্যাগুলো দেখা উচিত। তাঁরা যেন উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকি প্রয়োজন। পাশাপাশি আমাদের উৎপাদিত মরিচ বিদেশে রপ্তানি করা যায় কি না, সে বিষয়েও কাজ করা প্রয়োজন বলে মনে করি।’

জামালপুর জেলা কৃষি কর্মকর্তা (উপপরিচালক) মোহাম্মদ আলম শরীফ খান বলেন, এবার জামালপুরে মরিচের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। কৃষকদের উৎপাদন খরচ কমাতে বিভিন্ন পরামর্শ ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে। উৎপাদন ও ফলন বাড়ানোর পাশাপাশি কৃষকেরা যেন লাভবান হতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, এবার মরিচের উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। ফলে কৃষক পর্যায়ে মরিচের দাম কিছুটা কমেছে। কৃষকেরা যাতে উৎপাদিত মরিচের ন্যায্যমূল্য পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষকেরা যেন ফসলের দাম পান, সে লক্ষ্যে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

জামালপুরে মরিচের আবাদ ও উৎপাদন বাড়লেও কৃষকের ঘরে ফিরছে না প্রত্যাশিত আয়। যে বাম্পার ফলন হওয়ার কথা ছিল তাঁদের মুখে হাসি ফোটানোর, সেই ফলনই এখন লোকসানের শঙ্কা তৈরি করেছে। কৃষকদের প্রত্যাশা, বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও অযৌক্তিক মূল্য ব্যবধান কমিয়ে উৎপাদিত মরিচের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। অন্যথায় উৎপাদন বাড়লেও কৃষিতে আগ্রহ হারানোর ঝুঁকিতে পড়বেন প্রান্তিক চাষিরা।