মজবুত ভিত্তি, মজবুত জাতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নির্মাণ শ্রমিকদের অংশগ্রহণে ‘নির্মাণ নায়কদের মিলনমেলা’ আয়োজন করেছে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সোমবার (১৬ নভেম্বর)সন্ধ্যায় নান্দাইলের দারুচিনি রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব সেলস অ্যান্ড জেনারেল ম্যানেজার গোলাম কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বৃহত্তর ময়মনসিংহ বিভাগের এজিএম মীর মাজাহার হোসেন শিমুল এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার রাকিব হাসান।
অনুষ্ঠানে ইস্টার্ন ও সেভেন হর্স সিমেন্টের গুণগত মান, বৈশিষ্ট্য এবং নির্মাণকাজে এর সঠিক ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের ম্যানেজার গোলাম কিবরিয়া। এ সময় তিনি উপস্থিত নির্মাণশ্রমিক ও নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিদের সিমেন্টের গুণগত মান যাচাই এবং সঠিক ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জোনাল ইনচার্জ নাজিম উদ্দীন এবং নান্দাইল উপজেলার পরিবেশক মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু তাহের। এ ছাড়া নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক নির্মাণশ্রমিক স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত নির্মাণশ্রমিকরা ইস্টার্ন ও সেভেন হর্স সিমেন্টের গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং বাজারে ব্র্যান্ড দুটির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার বিষয়ে ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির সঙ্গে ভবিষ্যতেও সুদৃঢ় ও দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠানে একটি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। এতে উপস্থিত নির্মাণ শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানসম্মত নির্মাণসামগ্রীর ব্যবহার এবং নির্মাণ শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণ নিরাপদ, টেকসই ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে নির্মাণ সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের সচেতনতা ও দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি।” তিনি আরও জানান, দেশব্যাপী গ্রাহক, ব্যবসায়িক অংশীদার ও নির্মাণ শ্রমিকদের সঙ্গে সুসম্পর্ক এবং পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরিশেষে উপস্থিত নির্মাণ শ্রমিকদের মাঝে উপহার বিতরণ ও নৈশভোজের মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজনটির সমাপ্তি ঘটে।