২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে বিচক্ষণ ঋণ গ্রহণ এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) সকালে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলন বাংলাদেশ ২০২৬ এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ঋণের প্রতিটি টাকা যেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে অর্থবহ অবদান রাখে, সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। এ সময় তিনি বিদেশি ঋণের চাপ সামলাতে আগামী জানুয়ারি থেকে আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়ার এবং আইএমএফের ঋণ কর্মসূচি চলমান রাখার পরিকল্পনার কথাও জানান।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনে ৩০টি দেশের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী বক্তব্যে এবং পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী দেশের ঋণ পরিস্থিতি ও ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেন।
অর্থমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান ঋণ পরিশোধের দায়, দুর্বল রাজস্ব আহরণ এবং সীমিত আর্থিক পরিসর বর্তমানে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। তবে তিনি মনে করেন, বাংলাদেশের মূল সমস্যা ঋণের পরিমাণ নয়, বরং দুর্বল রাজস্ব আদায়। রাজস্ব খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর তিনি জোর দেন।
তিনি আরো বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে আইএমএফের সঙ্গে নতুন ঋণ কাঠামো ও শর্তাবলি পুনর্বিবেচনার আলোচনা আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থমন্ত্রী আরো বলেন,গত দুই বছরে দেশের সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা এবং ২০২৪ সালের জুন শেষে মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ১৮ লাখ কোটি টাকার বেশি।
দুই দিনব্যাপী (১৫ ও ১৬ নভেম্বর) এই আন্তর্জাতিক সম্মেলনে দেশি-বিদেশি নীতিনির্ধারক, অর্থনীতিবিদ এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ১০০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং। সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল। স্বাগত বক্তব্য দেন এডিবির বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ সামাজিক খাত কর্মকর্তা এস এম এবাদুর রহমান।
অর্থসচিব বলেন, বিশ্ববাজারে সুদের হারের পরিবর্তন ও মুদ্রার বিনিময় হারের ওঠানামায় সরকারের ঋণ নেওয়া আরও জটিল হয়েছে। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং সেসব ঋণের আসল সুদ পরিশোধের দায় নিয়ে প্রতিবেদন উন্নত করা, ট্রেজারি বিল ও বন্ডের নিলামব্যবস্থা শক্তিশালী করা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে অর্থায়নে স্বচ্ছতা আনতে অর্থ বিভাগ শিগগিরই বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশ করবে।