কক্সবাজার শহরে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত ৮ লাখ টাকা জরিমানা গুনার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে কক্সবাজারের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চৌরঙ্গী বেকারি কর্তৃপক্ষ। একই সাথে গ্রাহকদের হারানো আস্থা ফিরিয়ে আনতে শতভাগ নিরাপদ, মানসম্মত ও স্বাস্থ্যকর খাদ্য তৈরির অঙ্গীকার করেছে তারা।

গত শনিবার (১৪ নভেম্বর) কক্সবাজার শহরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিশুদ্ধ খাদ্য আদালতের যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে চৌরঙ্গী বেকারিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানা করেন।
এই ঘটনার পর জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে নতুন অঙ্গীকারের কথা জানানো হয়।

এ বিষয়ে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মো: আলী বলেন, দীর্ঘ সময় ধরে কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের কাছে চৌরঙ্গী বেকারি ছিল এক বিশ্বস্ত নাম। বিশেষ করে আমাদের বেলা বিস্কুট, পাউরুটি ও মিষ্টি প্যাটিস ছোটবেলা থেকেই মানুষের কাছে অত্যন্ত পছন্দের। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমরা কক্সবাজারবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।
তিনি আরো বলেন, সাধারণ মানুষের আমাদের প্রতি যে অন্ধ বিশ্বাস ও আস্থা ছিল, তা পুনরায় ফিরিয়ে আনতে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে এখন থেকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রুচিশীল ও স্বাস্থ্যসম্মত পরিবেশে সেবা প্রদানের অঙ্গীকার করছি।

এদিকে, সচেতন মহল ও স্থানীয় ভোক্তারা মনে করেন, খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু ব্যবসায়ীদের দায়িত্ব নয় বরং এটি জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ক্রেতারা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে খাবার কিনে খান, বিনামূল্যে নয়। তাই ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করার অধিকার কারো নেই।

অযথা ঝামেলা সৃষ্টি না করে ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম ও অশৃঙ্খলা আর না ঘটে, সেদিকে কর্তৃপক্ষকে বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। কোনোভাবেই যেন আর অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা না হয় সেই প্রত্যাশা এখন কক্সবাজারবাসীর।