ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছ কাটার করাত চুরির ঘটনায় শাহিন মিয়া-(২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী উমর আলীকে-(৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
গত রোববার রাতে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিলানী পেট্টোল পাম্পের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত শাহিন মিয়ার বাড়ি বিজয়নগর উপজেলার নিদারাবাদ গ্রামে।
গ্রেপ্তারকৃত উমর আলী বিজয়নগর উপজেলার নিদারাবাদ গ্রামের কাসুম আলীর ছেলে।
সোমবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
এসআরবি-৯- থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত শাহিন মিয়া বিভিন্ন এলাকা থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার আগে স্থানীয় একটি “স”মিল থেকে গাছ কাটার করাত চুরি হলে শাহিন মিয়াকে সন্দেহ করেন বিবাদীরা। তাঁকে চোর আখ্যা দিয়ে গালিগালাজ করা হলে এর প্রতিবাদ করেন শাহিন।
এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে নিদারাবাদ গ্রামের দেওয়ান বাজার সংলগ্ন ওই “স”মিলের সামনে শাহিনকে একা পেয়ে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে লোহার রড, শাবল, দা ও কাঠের রুল দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে শাহিন মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর রাতে শাহিন মিয়া মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে এসআরবি-৯-এর সিপিসি-১- ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিলানী পেট্টোল পাম্পের সামনে অভিযান চালিয়ে আসামী উমর আলীকে গ্রেপ্তার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত উমর আলীকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
