নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ভারতীয় কফি পাউডার জব্দ করেছে নৌ-পুলিশ। এ সময় ১৭০ বস্তা কফি পাউডারবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ধনু নদে এ অভিযান চালানো হয়। রোববার বিকেলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জের লাখাই থানার লক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুল খায়ের (৩১) ও সুনামগঞ্জের তাহেরপুর থানার পুরাতন লাউরাঘর পূর্ব গ্রামের মো. সিদ্দিকুল ইসলাম (২২)।
উপজেলা লেপসিয়া নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক জগৎ জ্যোতি চৌধুরী জানান, নদীতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্যের একটি চালান পরিবহনের খবর পান তারা। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন নৌকাটিতে তল্লাশি করে ১৭০ বস্তা ভারতীয় কফি পাউডার জব্দ এবং নৌকায় থাকা দুজনকে আটক করা হয়। জব্দ করা কফি পাউডারের আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৭২ হাজার টাকা।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, এ ঘটনায় রোববার দুপুরে থানায় একটি মামলা হয়েছে। আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটি নৌ-পুলিশ তদন্ত করছে।