নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে আজ শুক্রবার হাওরাঞ্চল সফরে আসছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তাদের সফরকে ঘিরে তিন উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, দুই প্রতিমন্ত্রী প্রথমে মদন উপজেলার উচিতপুর ঘাট এলাকায় আয়োজিত পথসভায় অংশ নেবেন। পরে সেখানে স্থানীয় জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করবেন। এরপর তারা খালিয়াজুরী উপজেলার বিভিন্ন এলাকায় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সফরের শেষ পর্যায়ে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তাঁর পূর্বপুরুষের এলাকা মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ট্রলারঘাটে পথসভায় যোগ দেবেন এবং সেখানেও পোনা মাছ অবমুক্ত করবেন। পরে মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য। অপরদিকে, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য। তাঁর পারিবারিক শিকড় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া এলাকায়।

মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার বলেন, “ভাটি বাংলার নেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে দুই প্রতিমন্ত্রীর এই সফর হাওরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের বরণ করে নিতে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, এই সফরের মাধ্যমে হাওরাঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়ন, জেলেদের জীবনমানের উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে। একই সঙ্গে হাওরবাসীর দীর্ঘদিনের দাবি—মোহনগঞ্জ থেকে আটপাড়া, মদন ও কেন্দুয়া হয়ে আঠারোবাড়ী পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব পাবে।”

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, দুই প্রতিমন্ত্রীর এই সফর হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, মৎস্যসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।