বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের নগরী কক্সবাজারে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
সর্বশেষ গতবৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের কক্স অ্যাম্বাসেডর নামক একটি বহুতল আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হোটেলটিতে অবস্থানরত অর্ধশতাধিক পর্যটকের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও সাহসী তৎপরতায় বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হোটেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটতলা বিশিষ্ট কক্স অ্যাম্বাসেডর হোটেলের পঞ্চম তলার একটি কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়লে পুরো ভবনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মুহাম্মদ মোর্শেদ হোসেন বলেন, হোটেলটির একটি কক্ষের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আমাদের দুটি ইউনিট অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো পর্যটক বা কর্মী হতাহত হননি।
এদিকে, পর্যটন নগরী কক্সবাজারের হোটেল-মোটেল জোনে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও আগত পর্যটকদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। এর মাত্র দুই দিন আগে, গত ১০ নভেম্বর ভোর ছয়টার দিকে কলাতলী হোটেল মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে ভয়াবহ আগুন লেগে অন্তত চারটি বসতঘর ভস্মীভূত হয়। সেদিন ফায়ার সার্ভিসের ত্বরিত পদক্ষেপে আশপাশের বহুতল হোটেলগুলো বড় বিপদ থেকে রক্ষা পায়।
এর আগেও গত ২৩ অক্টোবর শহরের ব্যস্ততম সুগন্ধা পয়েন্টের সি প্রিন্সেস আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গত ১৭ অক্টোবর উখিয়ার পাটুয়ারটেক সৈকতে সেখানে কাঠের তৈরি নান্দনিক ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিরীহ পর্যটকের করুণ মৃত্যু হয়।
জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্বেগজনক তথ্য অনুযায়ী, কক্সবাজার শহরের পাঁচ শতাধিক আবাসিক হোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজের প্রায় ৯০ শতাংশেই পর্যাপ্ত ও আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। অরক্ষিত এসব স্থাপনায় দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।