সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৭ হাজার অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন মানবিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান। এই অর্জনের আনন্দকে শুধু উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক উদ্যোগের মাধ্যমে স্মরণীয় করে তুলেছেন তিনি। ‘টিম বিজয়ী’র স্বেচ্ছাসেবকদের সঙ্গে কেক কেটে আনন্দ উদযাপনের পাশাপাশি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।

শুক্রবার (১২ নভেম্বর) চাঁদপুর শহরের পুরান বাজার ২নং ওয়ার্ডের লোহারপুল এলাকায় অনাড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তানিয়া ইশতিয়াক খান তাঁর ফেসবুক কার্যক্রমে নিয়মিত সক্রিয় থাকা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আন্তরিকভাবে পাশে থাকার জন্য ‘টিম বিজয়ী’র স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক বার্তা প্রচার এবং নারী উন্নয়নমূলক কার্যক্রমে তাঁদের সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ উপস্থিত স্বেচ্ছাসেবকদের হাতে বিশেষ শুভেচ্ছা উপহার তুলে দেন। এতে স্বেচ্ছাসেবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

উদযাপনের আনুষ্ঠানিকতা শেষে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান তানিয়া ইশতিয়াক খান। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তাঁর ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত ‘শীতের উষ্ণ ভালোবাসার উপহার’ শীর্ষক কম্বল বিতরণ কর্মসূচির তৃতীয় দিনে পুরান বাজার ২নং ওয়ার্ডের শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ বিষয়ে তানিয়া ইশতিয়াক খান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের এই ভালোবাসা ও সমর্থন আমাকে সমাজের জন্য আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত করে। ‘টিম বিজয়ী’র স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার কারণেই আমরা মানুষের পাশে দাঁড়াতে পারছি। আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ফেসবুকে অনুসারীর সংখ্যা বৃদ্ধির আনন্দকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে ভাগাভাগি এবং সেই আনন্দের উপলক্ষকে শীতার্ত মানুষের কল্যাণে কাজে লাগানোর মধ্য দিয়ে তানিয়া ইশতিয়াক খানের এই আয়োজন সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।