কুমিল্লার লাকসামে তিন শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা করানো হয়েছে। সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিশুদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (২৯ আগস্ট) সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা শাখার আমির জয়নাল আবদীন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত লাকসাম পৌরসভা মেয়র পদপ্রার্থী ও কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহা. বদিউল আলম সুজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ১৪টি বুথে লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তিন শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা করা হয়। পাশাপাশি শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং খৎনার পরবর্তী পরিচর্যা সম্পর্কে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।

অ্যাডভোকেট মুহা. বদিউল আলম সুজন বলেন, সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিশুদের বিনামূল্যে সুন্নাতে খৎনা করানোর উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের পরবর্তী যত্ন সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিশুদের অভিভাবকেরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও খৎনার সুযোগ পাওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।