নেত্রকোনার মদনে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইনবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বালালী বাঘমারা শাহজাহান মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান, পরিচালক অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান আকন্দ, সচিব অধ্যাপক মো. এনামুল হক, কলেজ পরিদর্শক অধ্যাপক এস. এম. আরিফুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহদাৎ উল্লাহ এবং উপপরিচালক (অ্যাকাউন্টস অ্যান্ড অডিট) মো. জাকির হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম, বাংলাদেশ সায়েন্স অ্যান্ড আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মদন শাখার চেয়ারম্যান মো. মতিউর রহমান, একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার, পিটিআই কিশোরগঞ্জের সহকারী সুপারিনটেনডেন্ট মুহাম্মদ জিয়াউল হাসান এবং ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নিয়মিত পড়াশোনা, দক্ষতা অর্জন ও তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বালালী বাঘমারা শাহজাহান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মামুন সিরাজুল কাদের। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।