ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে লাকসামে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকালে লাকসামে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী ও কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট বদিউল আলম সুজন।

জামায়াত নেতা আবু বকর জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা জর্জ কোট এর সাবেক এপিপি এডভোকেট মনির, লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী ও সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শহিদ উল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে এডভোকেট বদিউল আলম সুজন বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি। তিনি সবাইকে নিজ নিজ বাসা, বাসা বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

উদ্বোধনের পর সংশ্লিষ্ট কর্মীরা বিভিন্ন এলাকায় মশক নিধনের জন্য ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে লাকসাম পৌরসভার সকল ওয়ার্ডে এ মশক নিধন অভিযান পরিচালিত হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও প্রচারণামূলক কার্যক্রমও চালানো হবে।