ছাত্রীদের সঙ্গে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথন ও যৌন হয়রানির অভিযোগ ওঠার পর কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কলেজ সূত্রে জানা যায়, ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে মোবাইল ফোনে আপত্তিকর ও যৌনতাবিষয়ক কথোপকথনের চেষ্টার অভিযোগ ওঠে। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি কলেজ প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের লিখিত অভিযোগও বিবেচনায় নেয় কর্তৃপক্ষ।

কলেজ প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। ফলে অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন; তদন্তের চূড়ান্ত ফল প্রকাশের আগে অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে প্রতিবেদন প্রকাশ করা সমীচীন নয়।

এদিকে শিক্ষার্থীদের একাংশ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. মুসলিম সরদার বলেন, তিনি তাঁর মায়ের অসুস্থতার কারণে ঢাকার একটি হাসপাতালে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং অধ্যক্ষের স্বাক্ষরিত অব্যাহতির অফিস আদেশ সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।