‎‎সাতক্ষীরার তালা উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ধৃতদের সাতক্ষীরা জেল হাযতে প্রেরন করা হয়েছে।

‎আটককৃতরা হলেন— পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ ও মতিউর হোসেন মোরসালিন। এদেরমধ্যে সোহেল আহম্মেদ যশোরের কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। আর মতিউর হোসেন মোরসালিন তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ ময়নুলের ছেলে। তিনি বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।

‎অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারের পাশে তাঁর বাই সাইকেলের যন্ত্রাংশের দোকান রয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ নভেম্বর) বিকালে কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা কাশেম সরদারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তাঁকে তুলে নিয়ে যান।

পরে তাঁর স্ত্রীর মুঠোফোনে যোগাযোগ করে ২লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে। পরবর্তীতে আরও ৫লক্ষ টাকা মুক্তিপন দাবী করলে কাশেম সরদারের স্ত্রী ঘটনাটি তালা থানা পুলিশকে জানান। তালা থানা পুলিশ অভিযোগটি পাওয়ার পর তৎক্ষনাত তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তালা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের প্রতিফলক ভেস্ট দুটি, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।

‎তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর এলাকা থেকে দুজনকে আটক করা হয়। সোমবার আটক দুজনকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেল হাযতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।