সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুদের অভিযোগে অভিযুক্ত চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১০ জুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সোহেল আহমেদ মালিক সুজনের বিরুদ্ধে সরকারি ওএমএস কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুদ রাখার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি দলের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা বিএনপির সূত্র জানায়, ঘটনার পর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে সুজনের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি। পরবর্তীতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
দলীয় নেতারা জানান, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে বিএনপি সম্প্রতি বিভিন্ন অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে। চুয়াডাঙ্গার ঘটনাটিও সেই সাংগঠনিক প্রক্রিয়ার অংশ।
এ বিষয়ে সোহেল আহমেদ মালিক সুজনের বক্তব্য পাওয়া যায়নি।