প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে তাঁদের শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার পর একই দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নতুন চার পূর্ণমন্ত্রী
নতুন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি জামালপুর-১ আসনের সংসদ সদস্য।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য বান্দরবান আসনের সংসদ সদস্য। আর বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য।
নতুন দুই প্রতিমন্ত্রী
নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।
হুমায়ুন কবির এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। শামীম কায়সার গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।