সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের অগণিত শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে শপথ
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।