চুয়াডাঙ্গা ৬ বিজিবির দেড় মাসের অভিযানে ১৫২ জন আসামীসহ  ৫২ কোটি ৯ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসান বুধবার (১১ নভেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর হতে এ পর্যন্ত দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত বিভিন্ন আভিযানিক কার্যক্রমে সর্বমোট ১৫২ জন আসামীসহ প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। উল্লেখযোগ্য, জব্দকরা মালামালের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, ৫টি বিভিন্ন প্রকারের অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি।

এছাড়া, মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার ৯৪৬ বোতল মদ, ১ হাজার ১৬ বোতল ফেন্সিডিল, ৭ কেজি ক্রিস্টাল মেথ, ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০টি ইয়াবা ট্যাবলেট এবং ৩ লাখ ২ হাজার ২২৮টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেটসহ প্রায় ৩০ কোটি ২৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। এসব অভিযান মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থান এবং পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তাছাড়া সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন ৬০০ কিলোমিটার বিস্তৃত সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারে বিজিবি নিয়মিত অভিযান কার্যক্রম পরিচালিত করছে।

যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা দুটি সেক্টরের আওতায় ৭টি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। এসব টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশী ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে সীমান্ত অপরাধ দমন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের ভিশন “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও বিজিবি প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগীতা একান্ত প্রয়োজন। সীমান্ত অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সকলের আন্তরিক সহযোগীত দরকার। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা বদ্ধপরিকর।