সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণের শিকার ভুক্তভোগীদের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের উদ্যোগে সরকারের ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা’ অনুযায়ী এই আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)- এ জেড এম হাছানুর রহমান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম এর উপস্থিতিতে বাঘের আক্রমণে আহত ভুক্তভোগী মো. বাবলু গাজীর হাতে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্টার মো. ইরফান উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের মে মাসে সুন্দরবনের কাচিকাটা ক্যাম্পের পায়রা টুনি খালে মাছ বা কাঁকড়া আহরণের সময় সুন্দরবনের বাঘের আক্রমণের শিকার হন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা বাবলু গাজী।
বন বিভাগ সূত্রে জানা যায়, বনসংলগ্ন প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমাতে এবং আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার সবসময় সচেষ্ট রয়েছে। এছাড়া লোকালয়ে বাঘের প্রবেশ রোধে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বন ও বন্যপ্রাণী সুরক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে বন বিভাগ কাজ করে যাচ্ছে, যেখানে গণমাধ্যমের ইতিবাচক ও সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।