মেহেরপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩০ বোতল ভারতীয় মদ।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকা খাসমহলে অভিযান চালানো হয়। এ সময় রাসেল হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়। তিনি গাংনী উপজেলার খাসমহল গ্রামের জিল্লুর রহমানের ছেলে। বিজিবির দাবি, তাঁর কাছ থেকে এক বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ হাজার ৪০০ টাকা।
একই রাতে ১১টার দিকে ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠে পৃথক অভিযান চালায় বিজিবির আরেকটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ৫১ হাজার ৪০০ টাকা।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে বিধি অনুযায়ী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।