বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালো কাজের অংশ হিসেবে নদীভাঙন এলাকার শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে ঝালকাঠি বন্ধুসভা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব গাছের চারা তুলে দেওয়া হয়।

গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তারা গাছগুলো যত্নসহকারে বড় করবে। নিজেরা গাছ লাগানোর পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও বৃক্ষরোপণে উৎসাহিত করবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, শিশুদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা জরুরি। ঝালকাঠি বন্ধুসভার এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্যহীনতা বাড়ছে। এর বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যাও প্রয়োজন। বিশেষ করে নতুন প্রজন্মকে পরিবেশ সংরক্ষণের কাজে সম্পৃক্ত করতে পারলে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব।

তাঁরা আরও জানান, নদীভাঙনপ্রবণ এলাকার শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণে আগ্রহ বাড়ানো এবং প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক রাহাত মাঝি, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, সমাজসেবক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইসরাত আন্না বহ্নি, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহীন আলম, বন্ধু প্রশান্ত দাস হরি, সাকিব খান, চম্পা খানম ও পরশসহ বিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।