ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস চাপায় জুথি আক্তার- (২২) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জুথি আক্তারের স্বামী জাকির হোসেন ও দেড় বছর বয়সী শিশু জায়ান আহমেদ।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জুথি আক্তার সরাইল উপজেলার চুন্টা গ্রামের মোঃ হুমায়ূন মিয়ার মেয়ে। তিনি স্বামী সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা টি.এ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পীরবাড়ি এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা জুথি আক্তার ও ও তার স্বামী, সন্তান আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাংচুর করে। এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটিকে আটক করা হয়ছে।

নিহত ওই যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।