ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং সরকারবিরোধী মিছিলে সম্পৃক্ততার অভিযোগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আশরাফুল করিম এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

গ্রেফতারকৃতরা হলেন—রাজিবপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় মিয়া (২১), মাইজহাটি গ্রামের রোকেল মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী নাইম (১৯), একই এলাকার আব্দুল হেকিমের ছেলে বায়েজিদ আলম (২০), ভাটিরচর নওপাড়া গ্রামের প্রয়াত ছয়েব আলীর ছেলে আনোয়ারুল ইসলাম সুজন (২০), আঠারবাড়ি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের বায়োজিদ উল্লাহর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আনসার উল্লাহ (২৮), তেলুয়ারী গ্রামের বাদল মিয়ার ছেলে ও আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান (২৮) এবং জাটিয়া গ্রামের প্রয়াত ছফির উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (৫৯)। তিনি জাটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিলের নেতৃত্ব দেওয়া এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে আসছিলেন। পূর্বে সংঘটিত মিছিলসংক্রান্ত মামলায় তাদের সক্রিয় অংশগ্রহণের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

ওসি আরও জানান, সরকারবিরোধী নাশকতা প্রতিরোধে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।##