হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ। নিজের জন্মস্থান নছরতপুর গ্রামে পঞ্চায়েতবাসীর সঙ্গে মতবিনিময় সভার মধ্য দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।
রাত ৮টায় নছরতপুর এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পঞ্চায়েতের লোকজন ও গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। সভায় উপস্থিত সবার ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ।
মতবিনিময় সভায় তিনি বলেন, নিজের জন্মস্থান নছরতপুরের মানুষের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নতুন পথচলা শুরু করতে পেরে তিনি আনন্দিত ও অনুপ্রাণিত। গ্রামবাসীর আন্তরিকতা ও ভালোবাসা তাঁকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। আগামী দিনেও সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।
ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ বলেন, তাঁর মরহুম বাবা হাজী আব্দুল মতিন মাস্টার এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। বাবার সেই আদর্শ, সেবামূলক কর্মকাণ্ড ও মানুষের প্রতি ভালোবাসাকে ধারণ করে তিনি এগিয়ে যেতে চান। এলাকার মানুষের পাশে থাকা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখাই তাঁর অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, ২০২২ সালের জেলা পরিষদ নির্বাচনে এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হয়ে ১ বছর ১০ মাস দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। দায়িত্ব পালনকালে কতটুকু সফল হয়েছেন, তা জনগণই মূল্যায়ন করবেন। তবে দায়িত্বে থাকাকালে এমন কোনো কাজ না করার চেষ্টা করেছেন, যাতে মানুষের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আজ নছরতপুরের মানুষ তাঁকে ঘিরে নতুন করে যে স্বপ্ন দেখছেন, সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সেই প্রত্যাশা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে চান। তাঁর লক্ষ্য শুধু একটি নির্দিষ্ট এলাকার উন্নয়ন নয়; বরং পুরো শায়েস্তাগঞ্জ উপজেলাকে একটি সুন্দর, সমৃদ্ধ, আধুনিক ও জনকল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তোলা।
তিনি আরও জানান, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা তাঁর।
মতবিনিময় সভা থেকে ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ শায়েস্তাগঞ্জ উপজেলাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থনই হবে তাঁর আগামীর পথচলার প্রধান অনুপ্রেরণা।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজের বাবা মরহুম হাজী আব্দুল মতিন মাস্টার নছরতপুর এলাকার মানুষের কাছে একজন পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। বাবার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় নিয়েই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন তিনি।