নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও নারী কেলেঙ্কারির অভিযোগে সংসদ সদস্য (এমপি) আব্দুল আজিজের দৃষ্টান্তমূলক শাস্তি ও দল থেকে বহিষ্কারের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে আসরের নামাজের পর গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুজাউদ্দৌলা সুজনের নেতৃত্বে গুরুদাসপুর বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুদাসপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রদল নেতা শাকিলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। একই সাথে গুরুদাসপুরের এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে ওঠা নানা অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে অবিলম্বে বহিষ্কার ও আইনের আওতায় আনার আহ্বান জানান। মিছিলে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।