ব্রাহ্মণবাড়িয়ায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে সদর উপজেলা, সবচেয়ে পিছিয়ে কসবা উপজেলা। সদরে পাসের হার ৬৯ দশমিক ৭০ শতাংশ ও কসবা উপজেলার পাসের হার ২৯ দশমিক ৯৬ শতাংশ।

জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে প্রাপ্ত এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘেঁটে উপজেলাভিত্তিক পাসের হারে বড় ব্যবধান দেখা গেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এবছর কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ১৯৯ পরীক্ষার্থী। পাস করেছে ১ হাজার ১৮জন। পাসের হার ৮৫ দশমিক শূন্য ৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯১জন।

শহরের দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ। এবছর এই কলেজ থেকে ৪৬০ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৮৫জন। পাসের হার ৮৩ দশমিক ৭০ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ। এই কলেজ থেকে ৮৩০ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৯৭ জন। পাসের হার ৭১ দশমিক ৯৩শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪জন।

জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গড় পাসের হার ৪৬ দশমিক ৭৭। জিপিএ-৫ পেয়েছে মোট ১৩৩ জন। এর মধ্যে জেলা সদর থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৭জন। দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে নবীনগর থেকে ১০ জন। জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ১১ হাজার ৫৬৪ জন। পাস করেছে ৫ হাজার ৭৯১। অকৃতকার্য হয়েছে ৫ হাজার ৭৭৩ জন শিক্ষার্থী।

জেলা শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩ হাজার ৯৫৪ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৭৫৬ জন। পাসের হার ৬৯ দশমিক ৭০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে আশুগঞ্জ উপজেলা। সেখানে ৫৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৭৪ জন। পাসের হার ৬৫ দশমিক ১৬ শতাংশ। আখাউড়ায় ৬০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৫৪ জন। পাসের হার ৫৯ শতাংশ। নাসিরনগরে ৫৪৮ জনের মধ্যে ২৭০ জন পাস করেছে। পাসের হার ৪৭ শতাংশ। বিজয়নগরে ৬৪৯ জনের মধ্যে পাস করেছে ২৬৭ জন। পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ।

তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে সরাইল, নবীনগর, বাঞ্ছারামপুর ও কসবা উপজেলা। সরাইলে পাসের হার ৩৭ দশমিক ৩২ শতাংশ, নবীনগরে ৩৬ দশমিক ৯৪ শতাংশ, বাঞ্ছারামপুরে ৩৪ দশমিক ৭৪ শতাংশ এবং কসবায় ২৯ দশমিক ৯৬ শতাংশ।