‎গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তী আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুরের মদিনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
‎
‎আটক শ্রাবন্তী আক্তার নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদি এলাকার মো. মতিনের মেয়ে। তিনি বর্তমানে টঙ্গীর পূর্ব আরিচপুরের শাহানারা মঞ্জিলের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি দল শাহানারা মঞ্জিলের নিচতলায় শ্রাবন্তীর দেহ ও তার দখলীয় কক্ষ বিধি অনুযায়ী তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ১৫ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎
‎পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শ্রাবন্তী আক্তারকে আটক করেন।
‎
‎এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।