পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ও মনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় পচা ডিমসহ খাদ্যপণ্য তৈরির বিভিন্ন উপকরণ ব্যবহারের অভিযোগে যমুনা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপর একটি ভূঁইয়া বেকারি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হাসান সৌরভ।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউল হাসান সৌরভ বলেন, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে হোতাপাড়া ও মনিপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আরেকটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানে বেঞ্চ সহকারী মোঃ বদরুজ্জামান ইমন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গাজীপুর জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন বিভিন্ন সময় খাদ্যপন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকে। খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে নিরাপদ ও মানসম্মত কাঁচামাল ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। কোনো প্রতিষ্ঠান অনিয়ম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় ও বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিতকল্পে গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বেকারি পণ্যের চাহিদা থাকায় অনেক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি ও খাদ্যের মান নিয়ন্ত্রণের বিষয়টি যথাযথভাবে অনুসরণ করছে না। নিয়মিত তদারকি ও অভিযান না থাকলে অনিরাপদ খাদ্য উৎপাদন বন্ধ করা কঠিন। তাই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।