বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অপরাধীর কোনো দল নেই। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়মনসিংহের হালুয়াঘাটে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের নগুয়া ইটখোলার মাঠে আয়োজিত মাঝিয়াইল স্বপ্নপূরী একাদশ ফুটবল টুর্নামেন্টের সিজন-২-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি দেশের সমসাময়িক রাজনীতি ও আইনশৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, অপরাধ দমনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত কঠোর ও দৃঢ় অবস্থানে রয়েছেন। দল বা প্রশাসনের কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীর কোনো দল নেই এবং অন্যায় করে কেউ পার পাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

এছাড়া ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণসহ ধোবাউড়ায় একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।