ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে বিএনপির এক নেতার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গাজীপুরের কোনাবাড়ীতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম মোঃ আবির হোসেন (২৪)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাইশূকা গ্রামের দুলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন পিয়ারা বাগান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ‘কোনাবাড়ী বাসিন্দা’ নামে একটি ফেসবুক গ্রুপ/পেজ পরিচালনা করতেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন বাদী হয়ে কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করা হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে বাদীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ভয় দেখানো হয়। একইসঙ্গে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী মো. মামুনুর রশীদ মামুনের অভিযোগ, ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়। দাবিকৃত টাকা না দিলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার হুমকিও দেওয়া হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আবিরের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো ও হয়রানির অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকা থেকে আবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ী থানায় মামলা করা হয়েছে। মামলার পর অভিযুক্ত আবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগে উল্লিখিত অন্যান্য বিষয়গুলোর সত্যতা যাচাই এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ।