কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুমন সরদার (৩০) নামের ওই যুবক উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার আবজাল সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমন সরদার পেশায় একজন ভ্যানচালক । আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক সুমন সর্দার রাতে বন্ধুদের সাথে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন। সেখানে একসাথে খাওয়া দাওয়াও করেন। খেলা দেখে বাড়িতে ফিরতে দেরি হলে স্ত্রী জেনি খাতুনের সাথে তার ঝগড়া হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ভেড়ামারা থানার ওসি জায়েদুর রহমান জানান, সুমন আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তিনি কি কারণে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।