নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া গ্রামের মোঃ বকুল হোসেনের তিন বছর বয়সী ছেলে মোঃ সাদিপ হোসেন রোববার দুপুরে বাড়ির পাশের ডোবায় পানিতে ডুবে যায়। শিশুটিকে বাঁচাতে রাস্তার উপরে পরিবারের সদস্যদের আহাজারি দেখে নিজের গাড়িতে করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শিশুটিকে বঁাচানো সম্ভব হয়নি। রোববার বিকেলে সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরে আসার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু।

এ সময় শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তিনি দ্রুত নিজের গাড়িতে তুলে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর জন্য দীর্ঘক্ষণ চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষ করে নাটোরে ফেরার পথে রাস্তায় শিশুটিকে নিয়ে তার পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন তিনি সেখানে গাড়ি থেকে নামেন। পরে শিশুটির অবস্থা গুরুতর বুঝতে পেরে আর দেরি না করে দ্রুত তাকে নিজের গাড়িতে করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি।