চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার সাড়ে তিন বছর বয়সী বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ৮নং বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বারের বাড়িতে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনাছ ও আহত মরিয়ম ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির একটি বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে দুটি বসতঘর আগুনের গ্রাসে চলে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা দুই শিশু দগ্ধ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই বছর বয়সী আনাছ। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত মরিয়মকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অগ্নিকাণ্ডে মো. মিজানুর রহমান ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু হয়েছে এবং অপর এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন।