রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
তিনি বলেন, পাহাড়ের অনেক দুর্গম এলাকায় এখনো মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এসব এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত বিশেষ মেডিকেল টিমের মাধ্যমে দুর্গম এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করছে।
পাশাপাশি স্থল, নৌ ও আকাশপথে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও করছে। স্বাস্থ্য বিভাগের মেডিকেল স্টাফরা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করলে পাহাড়ের দীর্ঘদিনের চিকিৎসাসংকট অনেকাংশে দূর করা সম্ভব হবে।
রোববার সকালে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন উপজেলার দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ডেঙ্গু কিট বিতরণ ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিভিল সার্জন ডা. নুয়েন খীসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
সভায় সংক্ষিপ্ত আলোচনা শেষে বিভিন্ন উপজেলায় দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারদের হাতে ডেঙ্গু কিট তুলে দেন অতিথিরা।