মানিকগঞ্জের ঘিওর উপজেলার ‘তেরশ্রী গণহত্যা’ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২২ শে নভেম্বর ঘিওর উপজেলায় ইতিহাসের বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। ঐ দিনে তেরশ্রী এস্টেটের জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী ও তৎকালীন তেরশ্রী কলেজের অধ্যক্ষ মুক্তিযুদ্ধকালীন সংগঠক আতিয়ার রহমানসহ ৪৩ জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী।
‘তেরশ্রী গণহত্যা’ দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণির মানুষ রবিবার সকালে পতাকা উত্তোলন, পুষ্পস্তক অর্পণ করে। এছাড়া আলোচনা সভা ও শোক র্যালির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
আলোচনা সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা , মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলাম , উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশাররফ হোসেন মানিক, জেলা কৃষক দলের সহ সভাপতি মোঃ আব্দুল খালেকসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৭১ সালে এ দেশীয় দোসরদের সহযোগিতায় পাকিস্থানী হানাদার বাহিনী তেরশ্রী বাজারসহ চারটি গ্রামের ঘুমন্ত মানুষের উপর গুলি চালায় ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ৪৩ জন নিরাপরাধ মানুষকে হত্যা করে।