নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাটোরের সিংড়া পৌরসভার নিংগইন এলাকার গোলাম মোস্তফার স্ত্রী মমি আক্তার (৩৬) এবং একই পৌরসভার পেট্টো বাংলা এলাকার বাসিন্দা সীমা আক্তার (২৮)। তারা সম্পর্কে বোন।

এসআরবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুই নারী রাজশাহী থেকে হেরোইন সংগ্রহ করে সিংড়ার এক অজ্ঞাত মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে এসআরবির সদস্যরা বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে চেকপোস্ট স্থাপন করেন। পরে সেখানে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০৬ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।